জামায়াত নিষিদ্ধের দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি দিয়েছে। একই দিন হরতাল পালন করবে গণতান্ত্রিক বাম মোর্চাও।
জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
একই দিন হরতালের ডাক দিয়েছে কয়েকটি বাম দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চাও। দ্রুত যুদ্ধাপরাধের বিচার করার পাশাপাশি আশুলিয়ায় অগ্নিকাণ্ডে শতাধিক পোশাক শ্রমিক নিহতের ঘটনায় কারখানা মালিক ও সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার চেয়েছে তারা।
শুক্রবার সকালে পুরানা পল্টনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি ঘোষণা করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, “বিজয়ের মাসে জামায়াত হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে সশস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা দাবি তুলেছে- যুদ্ধাপরাধীদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বিলুপ্ত ঘোষণা করতে হবে। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।”
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদী, সেক্রেটারি জেনারেল আলী মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতের নয় শীর্ষ নেতা ও বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী গত ৪ ডিসেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল করে। একই দাবিতে বিভিন্ন কর্মসূচি থেকে গত প্রায় দেড়মাস ধরে দেশে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে তারা। আইনমন্ত্রীর গাড়িও তাদের হামলার শিকার হয়েছে।
সিপিবি সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, “জামায়াতের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করব।”
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঘরে বসে থাকবেন না, আত্মগ্লানি মোচনের সময় এসেছে। এর আগে রাজাকাররা হরতাল করেছে, এবার আমরা মুক্তিযোদ্ধারা হরতাল পালন করব।”
তিনি বলেন, “১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ চুক্তি অনুসারে এদেশে জামায়াতের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এছাড়া ১৯৭২ এর সংবিধানের ১২ এবং ৩৮ অনুচ্ছেদ অনুসারেও তাদের রাজনৈতিক কার্যকলাপ এদেশে অবৈধ।”
জামায়াতকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে সেলিম বলেন, “তারা (জামায়াত) মূলধারার রাজনৈতি দলের অধিকার ভোগ করতে পারে না। নির্বাচন কমিশনের শর্ত পূরণ না করেও তারা কীভাবে নিবন্ধন পায় তা আমাদের বোধগম্য নয়।”
হরতালে সিপিবি ও বাসদের অন্য দাবিগুলো হলো- ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী ‘মালিক পক্ষ ও সরকারি লোকজনকে’ গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা, আইন অনুযায়ী সব শিল্প-কারখানার কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়া-বাড়ি ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমনো এবং বিশ্ব ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ‘পায়তারা’ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিণ্ডলির সদস্য হায়দার আকবর খান রনো, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মবিনুল হায়দার চৌধুরী ও বজলুর রশিদ ফিরোজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক বাম মোর্চাও একই ধরনের দাবিতে হরতাল ডেকেছে।
শুক্রবার বাম মোর্চার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী ‘মালিক পক্ষ ও সরকারি লোকজনকে’ গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেয়া, বিদ্যুৎ, গ্যাস, তেল এর দাম বাড়ানো বাতিল করা, যুদ্ধাপরাধেদের বিচার, ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সীমান্তে হত্যা বন্ধ করা, রামপালের বিদ্যুৎ প্রকল্প বাতিল, ফুলবাড়ীর জনগণের সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তারা ১৮ ডিসেম্বর হরতাল পালন করবে।
গণসংহতি আন্দোলনের কার্যালয়ে মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এক জরুরি সভা থেকে আগামী ১৮ই ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের এই সিদ্ধান্ত নেয় বাম মোর্চা।
ওই সভায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য ড. আখতারুজ্জামান, গণতান্ত্রিক বিপ¬বী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নুু, ওয়ার্কাস পার্টির (পুর্নগঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মাহবুব) ভারপ্রাপ্ত আহবায়ক ইয়াসীন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৩ জুলাই আওয়ামী লীগ ও বিএনপির দ্বি-দলীয় মেরুকরণের বাইরে থাকা দুই বামপন্থী দল সিপিবি ও বাসদ জোটবদ্ধ হওয়ার ঘোষণা দেয়।
