‘তোমার গায়ে রঙ মেখেছে লিওনার্দো দ্য ভিঞ্চি!’
ডানায় সাতরঙ মেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে শুক্রবার দিনভর থাকছে প্রজাপতির উড়াউড়ি।
ডানায় সাতরঙ মেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে শুক্রবার দিনভর থাকছে প্রজাপতির উড়াউড়ি।
আয়োজকরা বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে প্রজাপতি জাদুঘর থাকলেও সমগ্র এশিয়া মহাদেশ জুড়ে প্রজাপতির জন্য একদিন ‘বরাদ্দ’ হয় শুধু জাহাঙ্গীরনগরেই।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে। প্রজাপতি মেলা-২০১২ এ থাকছে ২৭৫ প্রজাতির প্রজাপতি।
মেলায় সারাদিন জীবন্ত প্রজাপতির রূপ দর্শন ছাড়াও থাকছে প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, প্রজাপতি বিষয়ক বিতর্ক, তথ্যচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রজাপতি মেলার শ্লোগান। এছাড়াও পরিযায়ী পাখির আগমন ঘিরে ‘পাখ-পাখালি দেশের রতœ, আসুন করি সবাই যতœ’ শ্লোগানে পাখি মেলা, ছোটনদীর গুরুত্ব তুলে ধরে ‘ছোট নদী ছোট নয়’ শ্লোগান নিয়ে নদী মেলা নৈসর্গিক সৌন্দর্যের এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত করছে ভিন্ন মাত্রা।
“ভারতে শুধু প্রজাপতি জাদুঘর থাকলেও সমগ্র এশিয়ায় প্রজাপতি মেলার ধারণা জাহাঙ্গীরনগরেই প্রথম,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রজাপতি মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।
“প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণ এবং জনসচেতনতা তৈরিই এই মেলার প্রধান উদ্দেশ্য।” যোগ করেন অধ্যাপক মনোয়ার।
সামগ্রিক আয়োজন সম্পর্কে অধ্যাপক মনোয়ার বলেন, “বিজ্ঞান, সাহিত্য আর বিনোদনকে একত্রিত করেই আমাদের এই উৎসব।”
গত ১৬ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা ২৭৫টি প্রজাপতিকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। এ বছর ৪০টি প্রজাপতিকে বাংলায় নামকরণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক কবি খালেদ হোসাইন।
খালেদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের চারপাশ ঘিরে যে সকল প্রজাপতি ওড়াউড়ি করে আমরা তাদের ভিনদেশী নামে ডাকতে যাব কেন, নিজেদের মত করে চিনতেই বাংলায় নামকরণের প্রয়াস।
ইংরেজিতে পেইন্টেড লেডি নামের প্রজাপতির বাংলা নাম রাখা হয়েছে ‘বিন্তি’, ‘কাউয়া’ নাম রাখা হয়েছে কমন ক্রো’র আর ‘লোপামুদ্রা’ নাম পেয়েছে রেড বেস জেজেবেল প্রজাপতিটি।
স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতি রেখে বাংলা নামের বাহারি প্রজাপতিগুলোর মধ্যে হিমেলকুচি, বাঘবল্লা, কাউয়াছড়ি, তুতচিল, ধূলকাপাশ, লোপামুদ্রা, কড়ি, তিন্নি, তুষারকন্যা, তিলকুশি, অরুণ, লালচক্ষু, হাতিশূঁড়, রিংতান, সাঁঝলা, হরিণছড়া, উর্মিমালা, বনরাজি, চরবাতাসি ইত্যাদি।
মেলায় উন্মোচন করা হবে বাংলা নামের প্রজাপতি বিষয়ক ছড়ার বই ‘ছন্দে ছড়ায় প্রজাপতি।’ অপরূপ এই কীটের নানান বর্ণনাও স্থান পেয়েছে তাতে।
রূপসী নামের প্রজাপতি সর্ম্পকে বলা হয়েছে, ‘প্রজাপতি রূপসী/তুমি কি খুব উপোসী?/ ফুল থেকে খাও মধু আর/ ঝরণা থেকে জল/ নানা রকম রেশমী রঙে শরীরটা ঝলমল।’
অথবা ‘ওরে বাবা! কী সুন্দর!/ দেখেই তোমায় চিনছি/ তোমার গায়ে রঙ মেখেছে লিওনার্দো দ্য ভিঞ্চি!
সকালে জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। অতিথি হিসেবে থাকবেন, ইউরোপীয় ইউনিয়নের দূত উইলিয়াম হানা, আইইউসিএন’র বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহম্মেদ এবং প্রকৃতি গবেষক দ্বিজেন শর্মা।
প্রাণিবিদ্যার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ হুমায়ুন কবিরকে আজীবন সম্মাননা দেয়া হবে মেলায়।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন, শহীদ মিনার চত্বর ও বোটানিক্যাল গার্ডেন এলাকায় চলবে মেলার নানা আয়োজন। মেলায় সহযোগিতা করছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।’
