২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাধা দিলে দায় নিতে হবে সরকারকেই’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে বাধা দিলে পরিণতি সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে বাধা দিলে পরিণতি সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার সকালে এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না। আমরা সরকারকে বলতে চাই, দমন-পীড়ন বন্ধ করুন। আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে কোনো বাধার সৃষ্টি করবেন না।”

“অবরোধে বাধা দিলে যে অচলাবস্থা সৃষ্টি হবে, এর সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে”, বলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ নভেম্বর নয়া পল্টনের সমাবেশ থেকে ৯ ডিসেম্বর সারাদেশে এই রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আয়োজিত এই মুক্ত আলোচনায় জয়নুল আবদিন ফারুক বলেন, “স্বৈরশাসক এরশাদকে হঠাতে নূর হোসেনসহ অনেকে প্রাণ দিয়েছেন। আজ সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে মহাজোট সরকার ক্ষমতায়। আর আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে বলেছেন, জামায়াত ছাড়–ন।”

“প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই- মানুষ হত্যকারী স্বৈরাচার এরশাদকে নিয়ে যদি আপনারা জোট করতে পারেন, তাহলে দেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গ আপনি কেন ছাড়তে বলছেন।”

রোববারের রাজপথ অবরোধ সফল করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

বিরোধী দলের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “নির্যাতন বন্ধ করুন। সব পুলিশ সদস্য নিপীড়ন-নির্যাতন করছে না। কিছু অতি উৎসাহী সদস্য অন্যায়ভাবে নির্যাতন চালাচ্ছে। ওইসব অতিউৎসাহী পুলিশ সদস্যদের তালিকা আমাদের কাছে আছে।”

সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে রেখেছে বলেও ফারুক অভিযোগ করেন।

সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “এখনো সময় আছে, সংবিধান সংশোধন করুন, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন। তাহলে আর অবরোধসহ কোনো কর্মসূচি দেব না।”

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, হৃদয়ে বাংলাদেশের মোহাম্মদ হানিফ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

দীর্ঘ গণআন্দোলনের পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এইচ এম এরশাদ ক্ষমতা ছেড়ে দেন। তিন জোটের রূপরেখা অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তখনকার প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ।

সেই থেকে বিএনপিসহ বিভিন্ন সংগঠন দিনটিকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসাবে পালন করে আসছে।

জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাতীয় প্রেস ক্লাবের সমানে আলাদাভাবে অবস্থান কর্মসূচি পালন করে।

এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, স্বৈরাচারের সঙ্গ ছাড়–ন। দেশের যে অবস্থা করেছে, সেদিন বেশি দূরে নয়, নব্বইয়ের মতো রাজপথে আবার জনগণ নামবে।”

অন্যদের মধ্যে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন, স্বদেশ ফোরামের সভাপতি মামুনুর রশীদ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন।