২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুন উৎসব দৃকে

পেশাদার ও অপেশাদার ৩০ জন কার্টুনিস্টের আঁকা ১৪০টি চিত্র নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুন উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

পেশাদার ও অপেশাদার ৩০ জন কার্টুনিস্টের আঁকা ১৪০টি চিত্র নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুন উৎসব।

আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যার আয়োজন করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, আহসান হাবিব, শাহরিয়ার খান, অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হক, আয়োজনের পৃষ্ঠপোষক এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বি বি সাহা রায় প্রমুখ।

অনুষ্ঠানে কার্টুনিস্ট নজরুল ইসলামের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন জানায়, ভারতবর্ষে প্রথম কার্টুনের আগমন ঘটে ইংরেজদের হাত ধরে। পরে তা ধীরে ধীরে দেশি রূপ পায়। আর ভারতবর্ষে কার্টুনের জনক বলা হয় কেশব শঙ্কর পিল্লাইকে।

সাতচল্লিশের পর সর্বপ্রথম কাজি আবুল কাশেম ওরফে ‘দোপেঁয়াজা’র হাত ধরে বাংলা ভাষাভাষী মানুষের কাছে কার্টুন পৌঁছায়। ১৯৫২ এর ভাষা আন্দোলনের ওপর দো-পেঁয়াজার বিখ্যাত কার্টুন ‘হরফ খেদাও আন্দোলন’ ছাপা হয়েছিল সৈনিক পত্রিকায়।

এরপর কার্টুনের বিস্তার ও জনপ্রিয়তা মূলত চিত্রশিল্পী রফিকুন নবী বা রনবীর হাত ধরে। সত্তরের দশকের শেষ দিকে দৈনিক বাংলা পত্রিকায় নিয়মিত তার কার্টুন ছাপা হতে থাকে। ১৯৭৮ সালে সাপ্তাহিক বিচিত্রায় রনবীর টোকাই চরিত্র প্রথম প্রকাশ পায়, যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

কার্টুন অত্যন্ত শক্তিশালী হলেও এর ক্ষণস্থায়ী প্রভাবের বিষয়টি মেনে নিয়ে আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটাই হচ্ছে কার্টুনের ট্রাজেডি।

তবে একইসঙ্গে কার্টুনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কার্টুনিস্টদের স্বাধীনতা দিয়েই একটি দেশের মানুষের স্বাধীনতার মাত্রা পরিমাপ করা যায়।”

রাজনৈতিক কার্টুনের জন্য জনপ্রিয় শিশির ভট্টাচার্য্য এক্ষেত্রে তরুণদের সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু কার্টুন করতে পারলেই যে করবে তা না। দেশপ্রেম, পক্ষ-বিপক্ষ চিহ্নিত করার পাশাপাশি মূল্যবোধ অর্জনটাও জরুরি।”

“হুজুগে মাতলে চলবে না। সামান্য একটু ভুলের জন্য অনেককিছু ঘটে যেতে পারে,” তার সতর্কবার্তা।

তরুণ কার্টুনিস্টদের কাজের প্রশংসা করে আহসান হাবিব বলেন, “এরা আমাদের থেকে অনেক ভাল করছে। প্রযুক্তির ব্যবহারে অনেক টেকনিক, অনেক এক্সপেরিমেন্টের সুযোগও এদের অনেক।”

“ওদের দোষ হচ্ছে ওরা গ্ল্যামার পছন্দ করে। বইয়ের কাজ করতে চায় না। শুধু ম্যাগাজিন, কিংবা পত্রিকার গ্ল্যামার থেকে বের হয়ে আসা উচিত,” সমালোচনার সুরে বলেন তিনি।