ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ, এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাও রয়েছেন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের (ভারপ্রাপ্ত) সহযোগিতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের একটি জালিয়াত চক্রের সদস্য বলে দাবি করছে পুলিশ।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালিয়াত চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তিচ্ছুদের সঙ্গে চুক্তি করেন।
“তারা চুক্তিকারী পরীক্ষার্থীদের একটি বিশেষ ধরনের ঘড়ি (ন্যানো আইপড) দেন। ১২ থেকে ১৪ হাজার টাকা মূল্যের ওই ঘড়ি নিয়েই ভর্তিচ্ছুরা হলে পরীক্ষা দিতে ঢুকে। এই ঘড়িতে ক্ষুদে বার্তায় প্রশ্ন ও উত্তর আদান-প্রদান হয়।”
গ্রেপ্তার পাঁচজন হলেন- দুদকের সহকারী পরিদর্শক মফিজুর রহমান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ এর শিক্ষার্থী রাফায়েত সানি, ঢাবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (এখন একই বিশ্ববিদ্যালয়ের ইভিনিং শিফটে এমবিএ করছেন), ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অমিতাভ চৌধুরী অমিত, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী নূরুল হুদা ওরফে ডলার মাহমুদ (থাকেন জিয়া হলের ১০৩ নম্বর কক্ষে)।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজনকে গ্রেপ্তার করে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া পুলিশ এই চক্রের আরো কয়েকজনকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে।
ড. আমজাদ আলী বলেন, দুদক কর্মকর্তা মফিজুরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে।
এর আগে গত শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রকে ঢাবির জিয়া হলে আটকে রেখে টাকা আদায়ের সময় গোয়েন্দা পুলিশ প্রথমে তিন জনকে আটক করে, পরে আরো তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো পাঁচ জনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/সিএস/এমআই/১৩০৫ ঘ.
bdnews24