ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক খান সারওয়ার মুরশিদের অবস্থার উন্নতির কোনো আশা দিতে পারেননি চিকিৎসকরা।
৮৮ বছর বয়সি এই শিক্ষাবিদ বর্তমানে অ্যাপোলে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
তার ছেলে কে এ এস মুরশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তারদের কাছ থেকে কোনো আশার খবর পাচ্ছি না।”
এক মাসে দ্বিতীয়বার স্ট্রোকের পর গত ১৮ অক্টোবর থেকে হাসপাতালে রয়েছেন খান সারওয়ার মুরশিদ।
কে এ এস মুরশিদ বলেন, দ্বিতীয়বার একটি সিটিস্ক্যান করে চিকিৎসকরা বলছেন, আগে যে ধারণা করা হয়েছিল, রক্তক্ষরণের মাত্রা তার চেয়ে বেশি।
চিকিৎসা সংক্রান্ত সব প্রতিবেদন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যদি তারা কোনো আশার কথা জানান, তাহলে বাবাকে সিঙ্গাপুরে নেয়ার প্রক্রিয়া চালাবেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।
খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/০০২৭ ঘ.
bdnews24