সিলেট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
রোববার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত ফয়সল আহমদ (২২) জকিগঞ্জ উপজেলার খাদিমান গ্রামের আব্দুর রউফের ছেলে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আব্দুল মালেক সাংবাদিকদের জানান, ফয়সল ২০০৭ সালের ৪ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে স্কুলছাত্রীকে ফয়সলের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্কুলছাত্রীর ভাই বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
আদালত ফয়সলকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো এক বছর কারাভোগ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৫ ঘ.
bdnews24