ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় আড়াই বছর আগে দায়ের করা পুলিশের কাজে বাধা দান ও মারধরের মামলায় জামিনে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার চার সাংবাদিকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদে একদিনের হেফাজত চেয়েছে পুলিশ।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক অপূর্ব হাসান।
আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন নামায় ওই পাঁচজনের স্থায়ী ঠিকানা উল্লেখ না থাকায় তাদের কাছ থেকে স্থায়ী ঠিকানা উদ্ধারের জন্য এই হেফাজত চাওয়া হয়েছে।”
ওই পাঁচ জন হলেন- পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলাম।
২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে পরের দিন একটি মামলা দায়ের করে তেজগাঁও থানা পুলিশ।
মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ছাড়াও ওই পাঁচ জনসহ অজ্ঞাতনামা কয়েকশ সাংবাদিক কর্মচারীকে আসামি করা হয়েছিল।
আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার পরপরই এজহারভুক্ত আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তারা সবাই আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন।”
এদিকে স্থায়ী জামিনে থাকা অবস্থায় রিমান্ড চাওয়ার ঘটনায় সাংবাদিক নেতারা বিস্ময় প্রকাশ করেছেন।
আমার দেশের কারওয়ান বাজার কার্যালয়ে বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “কোনো সাংবাদিকের নাম-ঠিকানা জানার জন্য রিমান্ডে নেয়ার প্রয়োজন হতে পারে, এ ধরনের ঘটনা কোন সভ্য দেশে হতে পারে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআই/এআরএইচ/এএল/২০০৮ ঘ.
bdnews24