চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম পণ্য পরিবহনের ক্ষেত্রে স্থল ও রেলপথের পরিবর্তে ব্যয় সাশ্রয়ী নৌপথের ওপর জোর দিতে অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীরা।
রোববার চট্টগ্রামের বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে ব্যবসায়ীরা সরকারের প্রতি এই অনুরোধ জানান।
দেশে মহাসড়কগুলোতে যানজটে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, সড়ক ও রেলপথের ওপর চাপ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহন করা যেতে পারে। এতে ব্যবসায়ী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান লাভবান হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), চট্টগ্রাম চ্যাপ্টার এবং তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে ‘ট্রাফিক কনজেসশান অ্যান্ড ইটস সলিউশন বাই রিভার ট্রান্সপোর্টেশন’ শীর্ষক ওই সেমিনার আয়োজন করেন।
এতে মূল প্রবন্ধ পড়ে শোনান জার্মানিশ্যেয়ার লয়েড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাসুদ করিম। প্রধান অতিথি ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জন ড্যানিল্যুইজ।
মূল প্রবন্ধে মাসুদ করিম বলেন, বাংলাদেশে বর্তমানে দেড় মিলিয়ন ইঞ্জিনচালিত এবং তিন মিলিয়নের ওপর ইঞ্জিনবিহীন যানবাহন চলাচল করে। সারাদেশে প্রতিবছর গড়ে চার হাজারেরও বেশি লোকের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়।
তিনি বলেন, পণ্য নিয়ে ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করতে গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগছে। অতিরিক্ত যানবাহনের চাপে শহরে চলাচলও দুর্বিষহ হয়ে উঠেছে, যা সামগ্রিকভাবে অর্থনৈতিক ও উৎপাদনশীলতার অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে।
উন্নত বিশ্বে সড়কের পরিবর্তে নদীপথে কন্টেইনার পরিবহনের তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, “এর মধ্য দিয়ে আমরা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারি।”
সেমিনারে উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, প্রতিবছরই চট্টগ্রাম বন্দর দিয়ে আসা পণ্যবাহী কন্টেইনারের সংখ্যা বাড়ছে এবং তার চাপ পড়ছে মহাসড়কগুলোতে। যানজট ও অতিরিক্ত ভাড়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি এম এ সালাম, আইবিএফবি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী সেমিনারে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/১৮৫৫ ঘ.
bdnews24