নারায়ণগঞ্জ, অক্টোবর ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে খেয়াঘাট সংলগ্ন কোরবানির হাট দখলের অভিযোগ করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
হাটের দখল নিয়ে শনিবার দুপুরে সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলে হাটে অবস্থানকারীরা তাদের ওপর চড়াও হয়।
তবে ওই পশুরহাট ‘দখলকারী’ খান মাসুদ দাবি করেছেন, বিআইডাব্লিওটিসির কাছ থেকে হাটটি ইজারা নিয়েছেন তিনি।
কোরবানির ওই হাটটি ‘রাসেল স্মৃতি সংগঠনের’ নামে পরিচালিত হচ্ছে, যা অবৈধ বলে সিটি কর্পোরেশনের দাবি।
দুপুরে সিটি কর্পোরেশনের একদল কর্মকর্তা-কর্মচারী ওই পশুর হাটে দখল উচ্ছেদে গেলে ধাওয়ার মুখে তারা পালিয়ে আত্মরক্ষা করেন। মারধরের শিকারও হন কয়েকজন।
বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি কর্পোরেশনের লোকজন হাটটি উচ্ছেদ করতে গেলে হাটের লোকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেয়র সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, “৪৮ লাখ টাকায় এই হাটটি ইজারা দেয়া হলেও প্রভাবশালী একটি মহল ওই হাটটি দখল করে রেখেছে।”
“দখলকারীদের উচ্ছেদের জন্য শনিবার দুপুরে সিটি কর্পোরেশন থেকে একটি দল পাঠানো হয়। তাদের ওপর হামলা চালায় অবৈধ দখলকারী সন্ত্রাসীরা,” বলেন তিনি।
হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র।
এদিকে খান মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেখ রাসেল স্মৃতি সংগঠনের ব্যানারে বিআইডব্লিউটিএ’র কাছ থেকে আমরা ৮৭ হাজার টাকায় এই হাটটি ইজারা নিয়েছি।
“সিটি কর্পোরেশন অবৈধভাবে আমাদের উচ্ছেদ করতে আসায় তাদের তাড়িয়ে দেয়া হয়েছে,” বলেন তিনি।
এদিকে ওসি বলেন, সিটি কর্পোরেশন এলাকায় হাট-ইজারা দেয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৩ ঘ.
bdnews24