মুন্সীগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাঙনের ঝুঁকিতে থাকা মাওয়া ফেরিঘাট এলাকায় নদী তীর ঘেঁষে তিনশ মিটার বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে মাওয়া ফেরিঘাট পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে এ নির্দেশ দেন তিনি। এছাড়া বাঁধ নির্মাণের প্রয়োজনীয় অর্থ সেতু বিভাগ থেকে পরিশোধের কথা জানান মন্ত্রী।
পদ্মা নদীর তীব্র ভাঙনের কারণে ১৪ অক্টোবর ফেরিঘাটের পাশের দোকানসহ মাটি ভেঙে পড়ে। এ ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে এ পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে।
এছাড়া ফাটল ধরায় দুটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচলে বিঘœ হয়। রোববার রাত থেকে ৩ নম্বর ঘাট দিয়ে মাত্র দুটি ফেরি চলাচল করছে। এর ফলে তীব্র যানজট দেখা দেয়।
এ প্রেক্ষাপটে সংযোগ সড়কসহ মাওয়া ঋষিবাড়িমুখী, মাওয়া চৌরাস্তামুখী ও ভাগ্যকূলমুখী (কান্দিপাড়া ) নতুন তিনটি ফেরি ঘাট নির্মাণ করা হচ্ছে।
মাওয়ায় পরিদর্শনকালে কান্দিপাড়া ফেরিঘাটে সংযোগ সড়ক দ্রুত নির্মাণের এবং মাওয়া চৌরাস্তায় বড় আকারের গোল চত্বরটির তিনভাগের একভাগ ছেটে ফেলার নির্দেশ দেন মন্ত্রী।
এছাড়া মাওয়া কালীরখিলমাঠের গরুর হাট প্রধান সড়ক থেকে ৭ ফুট ভেতরে সরিয়ে নিতে বলেন ওবায়দুল কাদের।
চাঁদাবাজি আগের চেয়ে অনেক কমেছে দাবি করে তিনি বলেন, “কেউ সড়কপথে কোন ধরনের চাঁদাবাজি করলে তাকে হাতেনাতে প্রমাণসহ পুলিশের কাছে ধরিয়ে দেবেন।”
যোগাযোগ মন্ত্রী পরে শ্রীনগর উপজেলার বিভিন্ন রাস্তা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫৪২ ঘ.
bdnews24