কক্সবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ দাবি উত্থাপন করেন।
এর আগে পরিষদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের কোলাগাঁও পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন পাওয়া মতামতের তথ্য উপাত্ত সংবাদ সম্মেলনে তুলে ধরেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার রানা দাশগুপ্ত।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকার ৯৭ দশমিক ৪৬ শতাংশ মানুষ এ ঘটনাকে সুপরিকল্পিত বলে মনে করেন। ৯২ দশমকি ২ শতাংশ মানুষ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে বলে জানিয়েছেন।”
৫৬ দশমিক ২৫ শতাংশ মানুষ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা পালনে ব্যর্থতার কথা বলেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
২০১৪ সালের নির্বাচনের আগে এ ধরনের আরো হামলা হতে পারে বলে ক্ষতিগ্রস্ত এলাকার ৫৯ দশমিক ২ শতাংশ বাসিন্দা আশঙ্কা করছেন জানিয়ে ঐক্য পরিষদ নেতা বলেন, “এতে ৩৮.৪৬% মানুষের মধ্যে দেশত্যাগের প্রবণতা বেড়েছে।”
রানা দাশগুপ্ত বিগত দিনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর জনসংখ্যার ২৯ দশমিক ৭ শতাংশ ছিল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ১৯৭০ এর নির্বাচনের পর তা ২৩ দশমিক ৬ শতাংশে দাঁড়ায়, ১৯৭১ এর পর তা ২১ দশমিক ৬ এবং বর্তমানে তা ৯ দশমিক ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে।
“ছয় দশক ধরে একতরফা সাম্প্রদায়িক সহিংসতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা অব্যাহত থাকলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় শূন্যের কোঠায় এসে পৌঁছবে,” বলেন তিনি।
এতে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন হয়ে পড়বে।
সংখ্যালঘু মানুষকে আতঙ্ক থেকে রক্ষা করতে ২০০১ সালের সহিংসতার পর গঠিত সাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, ড. জিনবোধি ভিক্ষু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাপস হোড় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৪৩১ ঘ.
bdnews24