বিদ্রোহের শেষ রায়ে সাজা ৭২৩ জনের
সদর ব্যাটালিয়নের এই রায়ের মধ্য দিয়ে শেষ হল ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের বিচার। এখন বাকি হত্যা-লুণ্ঠনের মামলা, যার বিচার চলছে সাধারণ আদালতে।
শনিবার পিলখানার দরবার হলের এজলাসে এই মামলার রায়ে ৭৩৩ আসামির মধ্যে ৭২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত প্রধান বিজিবির ঢাকা সেক্টরের প্রধান কর্নেল এহিয়া আজম খাঁন।
এর মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছে ৬৪ জনকে। সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ১৯ জনকে। ১৭৬ জনকে চার বছরের কারাদ- দেয়া হয়েছে।
দণ্ডিতদের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। দণ্ডিতরা সবাই সীমান্ত রক্ষা বাহিনীর চাকরি হারালেন। রায় ঘোষণার পর থেকে দণ্ড কার্যকর হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ১০ জন। এই ১০ জন চাকরি ফেরত পাবেন। এছাড়া এই মামলায় দুজন মারা যাওয়ায় তাদের মামলা হতে অব্যাহতি দেয়া হয়েছে।
সকাল ১০টায় রায় ঘোষণা শুরু হওয়ার পর দুই দফা বিরতি দিয়ে দুপুর দেড়টার দিকে তা শেষ হয়।
রায়ে সাড়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে একজনকে। ২৫ জনকে ছয় বছরের, ৫ জনকে সাড়ে পাঁচ বছরের, ৮২ জনকে পাঁচ বছরের, ৮৮ জনকে সাড়ে চার বছরের, ৩৯ জনকে সাড়ে তিন বছরের, ৬৪ জনকে তিন বছরের, ৯ জনকে আড়াই বছরের, একজনকে দুই বছর তিন মাসের, ৫১ জনকে দুই বছরের, ৮ জনকে দেড় বছরের, একজনকে এক বছর তিন মাসের, ৫৩ জনকে এক বছরের, ১৪ জনকে নয় মাসের, ২৩ জনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনের বিরুদ্ধে ২০১০ সালের ১১ জুলাই বিদ্রোহের অভিযোগ দায়ের করা হয়। দুই আসামির মৃত্যু হওয়ায় ৭৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
রায়ের পর এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল ওবায়দুল হক জানান, ৬৫ কার্য দিবসে এই মামলার কার্যক্রম শেষ হল। এই মামলার সাক্ষী ছিলেন ১৩৯ জন। আসামিদের মধ্যে দোষ স্বীকার করেন ৩৮ জন।
সরকার পক্ষে বিশেষ প্রসিকিউটার মোশাররফ হোসেন কাজল সংবাদ সম্মেলনে জানান, ২০০৯ সালের ২৪ নভেম্বর তাদের আইনগত সহায়তা কার্যক্রম শুরু হয়। তারা মোট ২০ জন এই ৫৭টি মামলা পরিচালনার ক্ষেত্রে সহায়তা করেছেন।
এক প্রশ্নের জবাবে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কাজী অনিরুদ্ধ জানান, বিদ্রোহের পর যে শূন্যতা হয় তা ব্যাপক হারে নিয়োগ দিয়ে পূরণ করার চেষ্টা চলছে।
বিডিআর বিদ্রোহের বিচার শেষ। দরবার হল এখন পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর। এ ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানাসহ দেশের বিভিন্নস্থানে বিডিআর বিদ্রোহের পর বিডিআর আইনে মোট ৫৭টি মামলা হয়।
৫৭টি মামলার মোট আসামি ৬ হাজার ৪৬জন। এসব মামলার রায়ে ৫ হাজার ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হল, খালাস পেলেন ১১৫ জন।
বিদ্রোহ মামলার মধ্যে ২০০৯ সালে ২৪ অক্টোবর প্রথম বিচার শুরু হয় রাঙামাটির ১২ রাইফেল ব্যাটালিয়ন রাজনগরের ৯ জওয়ানের বিরুদ্ধে। পরবর্তীকালে ২০১০ সালের ২ মে এই মামলার প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
পঞ্চগড়ের ২৫ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের ঘটনার মামলার প্রথম রায় হয় ২০১০ সালের ৭ এপ্রিল। এই রায়ে প্রত্যেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের মামলার রায়ের মধ্য দিয়ে শেষ হল বিডিআর আইনের কার্যকারিতা। বিদ্রোহের ক্ষেত্রে এখন থেকে নতুন বিজিবি আইন কার্যকর হবে, যাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
বিদ্রোহের মামলার বিচার শেষ হতে চললেও পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলার বিচার চলছে ঢাকার জজ আদালতে। ওই মামলা সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
