চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৮৭ তম জন্মবার্ষিকী শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে।
এ উপলক্ষে শহরে নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইলা মিত্রের জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়।
স্থানীয় নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শহীদ সাটু হলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে সাটু হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী ফারুকা বেগমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সালমা আব্দুল্লাহ, মনোয়ারা খাতুন, আদিবাসী নেতা অনিল মারান্ডি, বিচিত্রা তিরকী প্রমুখ।
বক্তারা বলেন, নাচোলের কৃষকদের অধিকার আদায়ে তেভাগা আন্দোলন করতে গিয়ে ১৯৫০ সালের ৭ জানুয়ারি পাকিস্তান পুলিশের হাতে ধরা পড়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন ইলা মিত্র।
তেভাগা আন্দোলন ছিলো ফসলি জমিতে কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই সময়কার প্রচলিত নীতি ছিলো উৎপাদিত ফসলে জমিদারের অধিকার থাকবে তিনভাগের দুই অংশ।
ইলা মিত্র কৃষকের জন্য তিনভাগের দুই অংশ ফসলের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেন। ১৯৪৬-৪৭ সালে বাংলার ১৯টি জেলায় গড়ে ওঠেছিল এই তেভাগা আন্দোলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১৫৭ ঘ.
bdnews24