ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত আদালতের এক উমেদারকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন।
ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার উমেদার (ভাড়া করা কর্মচারী) মো. শাহজালালকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা গেছে, শাহজালাল মুখ্য মহানগর হাকিম আদালতের জেনারেল প্রসেডিং (জেপি) শাখায় দ-বিধির ৩০২ ধারার একটি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যান। এ সময় জেপি শাখায় কর্তব্যরত কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিয়ে সন্দেহ হলে মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবে আলমকে খবর দেয়া হয়। পরে নিশ্চিত হওয়া যায় পরোয়ানাটি মিথ্যা।
পরে নাজির মাহবুবুল আলম বাদী কোতোয়ালি থানায় ওই উমেদারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদ এ প্রতিবেদককে জানান, তার ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে তিনটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। ওই কার্ডে লেখা ছিল- শাহাজালাল, একান্ত সচিব (মুখ্য মহানগর হাকিম)।
এর আগে মো. শাহাজালাল ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীনের আদালতে উমেদার হিসাবে কাজ করতেন। তখন তিনি চা, পানি, খাবারসহ বিভিন্ন জিনিস আনা-নেয়ার কাজ করতেন।
তিনি জানান, আদালতে নিম্নশ্রেণির কর্মচারীদের একটি সিন্ডিকেট আছে। তারা বিভিন্ন প্রকারের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন।
এর আগে গত ১৬ অক্টোবর ইয়াবা ব্যবসায়ী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পেশকার জাহিদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০৪৪ ঘ.
bdnews24