২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভর্তি পরীক্ষায় আবারও এসএমএসে উত্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলার সময় আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নকল করতে গিয়ে এক পরীক্ষার্থী ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলার সময় আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নকল করতে গিয়ে এক পরীক্ষার্থী ধরা পড়েছে। শুক্রবার বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে রূপম ইসলাম নামের ওই পরীক্ষার্থীর মোবাইল ফোনে উত্তরসহ এসএমএস আসতে থাকলে তাকে আটক করেন কেন্দ্র পরিদর্শকরা। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা। এর আগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই ঘটনায় এক পরীক্ষার্থীকে আটক করেছিল প্রশাসন। আটক পরীক্ষার্থীর কাছে আসা এসএমএসের সূত্র ধরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার দুই কর্মী ইমরান ও বিপ্লবকে আটক করে প্রক্টোরিয়াল টিম। এ বিষয়ে প্রক্টর অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ইমরানের মোবাইল থেকেই ওই এসএমএস এসেছিল।” অবশ্য জিজ্ঞাসাবাদে ইমরান বলেছে, “আমার মোবাইলটি ইতিহাস বিভাগের ছাত্র বিপ্লবের কাছে ছিল। কিভাবে আমার মোবাইল থেকে এসএমএস গেল তা আমি নিশ্চিত নই।” প্রক্টর বলেন, “একটি শক্তিশালী সিন্ডিকেট ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত আছে বলে আমরা ধারণা করছি। ইমরান ও রূপমের সাক্ষ্য নিয়ে এই সিন্ডিকেটকে আইডেন্টিফাই করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।” পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করে প্রক্টর বলেন, পরীক্ষা শুরু হওয়ার পর কোনো কেন্দ্র থেকে তা বাইরে যেতে পারে। ইমরান ও বিপ্লবকে আটকের পর প্রক্টরিয়াল টিমের কাছে আসেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম। এর আগে গত শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর আসায় মোসাদ্দেক নামের এক পরীক্ষার্থীকে আটক করে প্রশাসন। পরে তাকে ছাড়াতে গেলে সপু নামের এক ছাত্রলীগ কর্মীকেও আটকানো হয়। কিন্তু ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে আটক দুই জনকে সেদিনই ছেড়ে দেয় প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএইচ/এসইউ/২০২৭ ঘ.