জবি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্র্রতিষ্ঠাবার্ষিকী শনিবার। এ উপলক্ষে দিনভর নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রায় দেড়শ’ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) সৈয়দ ফারুক হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হবে ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী এতে প্রধান অতিথি থাকবেন ।
এরপর উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হবে । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ব্যানার নিয়ে এতে অংশ নেবে । এছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার ভর্তি পরীক্ষা থাকায় সবাই অনেক ব্যস্ত থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর সব প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন হয়েছে ।
১৮৬৮ সালে ‘জগন্নাথ স্কুল’ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। প্রয়াত জগন্নাথ রায় চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা।
এর সুখ্যাতি ও প্রসারে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ রায় চৌধুরীর ছেলে কিশোরী লাল রায় চৌধুরী ১৮৮৪ সালে একে কলেজে উন্নীত করেন। তখন এর নাম বদলে করা হয় ‘ঢাকা জগন্নাথ কলেজ’।
পরবর্তীতে ১৮৮৭ সালে শিক্ষা বিভাগের নির্দেশে স্কুল ও কলেজ শাখা আলাদা হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কলেজটিতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যায় । তখন এর নাম ছিল ‘জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ’। এর ২৮ বছর পর ১৯৪৯ সালে এই কলেজে পুনরায় স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
১৯৬৮ আলে জগন্নাথ কলেজের সরকারিকরণ হয় । ১৯৭৫ সালে এতে স্নাতকোত্তর কোর্স চালু হয়। ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি বন্ধ করে দেয়া হয় ।
১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষ থেকে সরকারি জগন্নাথ কলেজের শিক্ষা কার্যক্রম ঢাক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় ।
এরপর ২০০৫ সালের ২০ অক্টোবর এই কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় অইন-২০০৫ অনুযায়ী, ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে সব বিভাগে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান কার্যক্রম চলছে ।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের আওতায় ২৮টি বিভাগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮২৬ ঘ.
bdnews24