ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর সারুলিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- আউয়াল হোসেন (১৮) ও লিটন (২০)।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহিদ নামে এক যুবক আউয়ালকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদ পুলিশকে জানান, ‘এসএইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের’ মেশিনের সুইচ বন্ধ করতে গেলে শ্রমিক আউয়াল ও লিটন বিদ্যুতায়িত হন।
লিটনকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জাহিদ জানান।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে তারাও জেনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০৪৮ ঘ.
bdnews24