২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘হাঁস সোহেলকে’ গুলি করে হত্যা

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী সানজিদ হাসান সোহেল ওরফে ‘হাঁস সোহেল’কে (৩০) গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

যশোর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী সানজিদ হাসান সোহেল ওরফে ‘হাঁস সোহেল’কে (৩০) গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শহরের বিপণী বিতান সিটি প্লাজায় নিজ দোকানে পুলিশের খাতায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসাবে পরিচিত এই যুবককে হত্যা করা হয়। নিহত সোহেল শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় হৃদয় হত্যা মামলা, চাঁদাবাজি, অপহরণ, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাতে সোহেল বিপণী বিতান সিটি প্লাজায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান প্যারাডাইস ফ্যাশনে বসে ছিলেন। “এ সময় মোটর সাইকেলে চড়ে কয়েক সন্ত্রাসী এসে সোহেলের মাথায় ও পেটে পিস্তল ঠেকিয়ে ৩/৪ রাউন্ড গুলি করে। সোহেল লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মার্কেটের সামনে দুটি বোমা ফাটিয়ে চলে যায়।” পরে ব্যবসায়ীরা সোহেলকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই সোহেলের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৫৮ ঘ.