২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের বিদেশি সাক্ষীদের সমন দেবে না ট্রাইব্যুনাল

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষে বিদেশি দুই সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করবে না যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 07:19 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষে বিদেশি দুই সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করবে না যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীরা তাদের সাক্ষী উইলিয়াম শাবাস ও জ্যাক ডেভারেলকে ট্রাইব্যুনালে হাজির হতে আদেশ জারির জন্য তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন করেন। ট্রাইব্যুনাল বলেন, আসামি পক্ষ তাদের ইচ্ছামতো যে কোনো সাক্ষীকে আদালতের সামনে হাজির করতে পারে। তবে তার সংখ্যা নির্ধারিত ১২ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক আদেশে বলেন, আবেদনে উল্লিখিত মত ও বিবৃতি দেখেছি। “কোনো আদেশ জারি করতে আমাদের উৎসাহ নেই। ফলে ওই আবেদন খারিজ হয়ে গেল।” ‘বিশেষজ্ঞ মতামত’-এর কথা বলে ওই দুই সাক্ষীর জন্য ট্রাইব্যুনালে হাজিরের আদেশ জারির জন্য আবেদন করে আসামি পক্ষ। দুজনের মধ্যে শাবাস মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক। সাবেক জেনারেল ডেভারেল বসনিয়া ও হার্জেগোভিনায় ছিলেন। তিনি উত্তর ইউরোপে মিত্রবাহিনীর অধিনায়ক হিসেবে অবসর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইএইচ/২৩৪০ ঘ.