২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রফিকুলের হিসাবে বেতন ছাড়াও মাসে যেত ৬৭ লাখ টাকা’

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ব্যাংক হিসাবে বেতন ছাড়াও প্রতিমাসে অন্তত ৬৭ লাখ টাকা জমা হত বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) উপপরিচালক মোজাহার আলী সরদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ব্যাংক হিসাবে বেতন ছাড়াও প্রতিমাসে অন্তত ৬৭ লাখ টাকা জমা হত বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) উপপরিচালক মোজাহার আলী সরদার। ডেসটিনির মামলার এই তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, নিয়মিত বেতন-ভাতা ছাড়াও তার (রফিকুল আমিন) অ্যাকাউন্টে মাসে অন্তত ৬৭ লাখ, কখনো তার বেশিও জমা হত।” অনেকগুলো অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা আত্মসাতের আলামতও ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে পাওয়া গেছে বলে জানান মোজাহার। ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট এবং এমএলএম মাল্টিপারপাসের মাধ্যমে অবৈধভাবে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মুদ্রা পাচারের দুটি মামলা করেছে দুদক। বুধবার এই দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১৮ দিনের হেফাজতেও পেয়েছে কমিশন। মোজাহার আলী বলেন, “ডেসটিনির এই বিপুল পরিমাণ টাকা কোথায়, কী অবস্থায় রয়েছে, তা জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২৩২২ ঘ.