২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের শ্রমিকরা বেতন পায়নি বৃহস্পতিবারও

সাভারের হল-মার্ক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবারও তাদের বেতন-ভাতা পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

সাভার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হল-মার্ক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবারও তাদের বেতন-ভাতা পাননি। শ্রমিকরা জানান, সকালে তৈরি পোষাক কারখানাটির মূল ফটকে এসে তারা রোববার বেতন দেয়া হবে এমন একটি নোটিশ ঝুলতে দেখেন। বেতন-ভাতার দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির প্রায় ৩০ হাজার শ্রমিক। টানা তিন দিন পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর তিন দিনের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে পুলিশ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে নোটিশ দেখতে পেয়ে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায়। পরে সাভার থানা ও শিল্প পুলিশের সদস্যরা কারখানায় ঢুকে শ্রমিকদের বের করে দেয়। শিল্প পুলিশের উপ-পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তারা হল-মার্ক গ্রুপের মূল ফটকে এসে রোববার বেতন-ভাতা পরিশোধ করা হবে লেখা একটি নোটিশ দেখতে পান। তিনি জানান, তবে নিচে কর্তৃপক্ষ লেখা থাকলেও কারও স্বাক্ষর বা নাম লেখা নেই। পুলিশ ধারণা করছে, কারখানা কর্তৃপক্ষই এ নোটিশ দিয়ে থাকবে। ঋণ জালিয়াতির মামলায় হল-মার্ক গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেসমিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এছাড়াও ঋণ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির জিএম ও তানভীরের ভায়রা তুষার আহমেদ এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এ আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৬ ঘ.