নারায়ণগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শিক্ষিত চালক তৈরির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন মন্ত্রী শাজাহান খান।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৪০ লাখ টাকা ব্যয়ে ‘দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষিত বেকার নারী-পুরুষদের ড্রাইভিং প্রশক্ষিণ কর্মসূচি’র আওতায় পাঁচশ’ চালক তৈরি করা হবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে এই কর্মসূচির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় জেলার পাঁচটি উপজেলার প্রতিটি থেকে একশ’ নারী-পুরুষকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ধরা হয়।
আগামী ১ নভেম্বর থেকে শহরের খানপুরে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এদের প্রশিক্ষণ শুরু হবে।
অনুষ্ঠানে মন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশে সাত লাখ ৩২ হাজার চারশ’ গণপরিবহনের জন্য প্রায় নয় লাখ চালকের প্রয়োজন। কিন্তু দেশে বর্তমানে চালক রয়েছে ছয় লাখ ৬৪ হাজার চারশ’ জন।
চালক সংকটের কারণে অদক্ষরা গাড়ি চালকের আসনে বসায় দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ৪২টি ট্রেনিং ইনস্টিটিউটে প্রতি বছর ১০ হাজার চালক তৈরি হচ্ছে। অথচ প্রতিবছর দেশে গণপরিবহন নামছে প্রায় ৩৫ হাজার।
“এ কারণেই সরকার ভর্তুকি দিয়ে শিক্ষিত চালক তৈরি করতে উদ্যোগ নিয়েছে।”
গত বছর অগাস্টে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক (মিশুক) মুনীর নিহত হওয়ার পর চালকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। তখন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া চালকদের লাইসেন্স না দেয়ার দাবিও ওঠে। সে সময় চালকদের পক্ষে বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জানান, জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ বাবদ ৬ হাজার টাকা এবং লাইসেন্সের জন্য দুই হাজার টাকা দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএইচ/২২৪৩ ঘ.
bdnews24