২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মামলায় আদালতের এখতিয়ার নিয়ে আবেদন খারিজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় আদালতের এখতিয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় আদালতের এখতিয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন আবেদন খারিজের এ আদেশ দিয়ে আগামী ১ নভেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। গত ৩০ অগাস্ট এ মামলার বিচারে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারকাজ স্থগিত রাখার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবীরা। আসামি পক্ষে আবেদনের ওপর শুনানি করেন বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আবেদনে বলা হয়, মামলার ঘটনাস্থল সিঙ্গাপুরের সিটি ব্যাংক হওয়ায় এর বিচারকাজ বাংলাদেশের আইন অনুযায়ী চলতে পারে না। এছাড়াও ফৌজদারি কার্যবিধির দুটি ধারা উল্লেখ করে আবেদনে বলা হয়, দেশের বাইরের ঘটনাস্থল সংক্রান্ত কোনো মামলা করতে হলে সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এ মামলার ক্ষেত্রে দুদক কোনো অনুমোদন নেয়নি। শুনানির সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় এ পর্যন্ত ছয়জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেসটিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেটি, মামলার বাদি দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, মামলার নিবন্ধন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরা বেগম, পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আলীমুজ্জামান ও কামাল উদ্দিন এবং ‘নির্মাণ কনস্ট্রাকশন’ কোম্পানির প্রধান খাদিজা ইসলাম। ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে এ মামলা হয়। গত বছরের ৬ জুলাই অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে ‘নির্মাণ কনস্ট্রাকশন’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন। গত বছরের ৮ অগাস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই দিন তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তিনি গ্রেপ্তার হলেও পরে জামিনে ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এইচএ/২২৩৭ ঘ.