ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিবাগে মোজাম্মেল হোসেন মিলন হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদিনী মেহেরুন্নেসা কলি।
নিহত মিলনের স্ত্রী মেহেরুন্নেসা বৃহস্পতিবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন।
এ সময় তিনি হত্যার ঘটনার বিবরণ দিয়ে কাঠগড়ায় হাজির আসামি হাফিজুর রহমান খানকে সনাক্ত করেন।
জবানবন্দি শেষে দুপুরে তাকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা।
বিচারক মো. আমিনুল ইসলাম আগামি ৬ নভেম্বর অবশিষ্ট জেরাসহ রাষ্ট্রপক্ষের অপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সেদিন হাফিজুরের জামিন আবেদনেরও শুনানি হবে।
গত ২৮ মে মধ্যরাতে শান্তিবাগের নিজ বাসায় হাফিজুুর খুব কাছ থেকে গুলি করে খুন করেন মিলনকে।
ওই ঘটনায় মিলনের স্ত্রী মেহেরুন্নেছা কলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। নির্যাতন থেকে বোনকে বাঁচাতে গিয়ে ভগ্নিপতি হাফিজুর রহমানের শটগানের গুলিতে নিহত হন মিলন।
এর আগে আলোচিত এ মামলার বিচারে দুই বিচারক বিব্রত বোধ করায় মামলার নথি এ আদালতে পাঠানো হয়।
গত ১৬ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলার নথি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের কাছে পাঠিয়ে দেন।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, পরকীয়ায় বাধা দেওয়ায় আসামি হাফিজুর রহমান খান তার স্ত্রী বেবী আক্তারকে নির্যাতন করতেন। বেবি স্বামীর নির্যাতন থেকে বাঁচার জন্য শান্তিবাগের ১৪৩ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় ভাই মিলনকে ডেকে আনতেন। খুনের ঘটনার দিনও তাকে ডেকে এনেছিলেন।
ওই রাতেও বেবীকে নির্যাতন করেন আসামি হাফিজুর। এসময় তাকে শান্ত করার চেষ্টা করেন মিলন। কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি শটগান দিয়ে মিলনকে গুলি করে গাড়িযোগে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৫৯ ঘ.
bdnews24