বেনাপোল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসব, সাপ্তাহিক ছুটি এবং ঈদ-উল-আযহা মিলিয়ে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও অতিরিক্ত যাত্রী পারাপারের জন্য বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
পূজার কারণে বন্দরে পাসপোর্টধারী যাত্রী পারাপার প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বন্দরে কর্মরত কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, বিজিবির কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের যুগ্ম-কমিশনার আকবর হোসেন।
তিনি আরো বলেন, পূজা ও ঈদের সরকারি ছুটির সময়ও বন্দরের কাস্টমস বিভাগ খোলা থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ১১ দিনের জন্য এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
৩০ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
তিনি বলেন, ভারত থেকে আসা কয়েক হাজার ট্রাক বেনাপোলে পণ্য খালাসের অপেক্ষায় আছে।
স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির মধ্যেও ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাসের কাজ অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২০৮ ঘ.
bdnews24