ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ ভাষাসৈনিক অলি আহাদের (৮৫) অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গত ১৪ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় এই ভাষাসৈনিককে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ড. নাহিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অলি আহাদ গতকাল থেকে আইসিইউতে আছেন। তার অবস্থার কোনো উন্নতি হয়নি, এখনো গুরুতর অবস্থায় আছেন।”
“ফুসফুসে সংক্রমণ সৃষ্টি হওয়ায় ব্যাপক শ্বাসকষ্টে ভুগছেন তিনি। বয়স অনেক বেশি হওয়ায় তার আরোগ্য লাভ করা কঠিন হয়ে উঠেছে।”
অলি আহাদের স্ত্রী অধ্যাপক রাশিদা বেগম জানান, গত মার্চ থেকে তিনি নিয়মিত অসুস্থ হতে থাকেন। এর মধ্যে মার্চ থেকে এপ্রিল টানা দুই মাস হাসপাতালে ছিলেন। মাঝে অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নেয়া হয়। তার পর থেকেই তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতেন।
অলি আহাদ ছিলেন ১৯৪৮ সালে ৪ জানুয়ারিতে গঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৯৫২’র ভাষা আন্দোলনে অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন পূর্ব পাকিস্তান যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের জন্য সর্বপ্রথম তিনিই গ্রেপ্তার হয়েছিলেন।
তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর সঙ্গে যোগ দেন তিনি।
বাক ও ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে পরিচালিত সব সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারণেও তিনি নিগৃহীত হন। তাকে একাধিকবার কারাগারে পাঠানো হয়।
তিনিই একমাত্র রাজনীতিবিদ তৎকালীন সরকার সামরিক ট্রাইবুনালে যার বিচার করেছিল। স্বৈরাচারবিরোধী জনমত গঠন করায় তার সম্পাদনায় প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক ইত্তেহাদ সেসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অলি আহাদকে স্বাধীনতা পুরস্কার ২০০৪-এর ভূষিত করা হয়।
অলি আহাদ ও রাশিদা বেগমের একমাত্র মেয়ে ব্যারিস্টার নমিন ফারহানা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএল/১৯১৬ ঘ.
bdnews24