ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় প্রতিবেদন দিয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি।
এই কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার তদন্ত প্রতিবেদন জমা দেন।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিকিউকে মুসতাক আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবেদন পেয়েছি। সুনির্দিষ্ট সুপারিশসহ এটি জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে এখনো তা খুলে দেখা হয়নি। তাই সুপারিশগুলো কি- তা বলা সম্ভব হচ্ছে না।”
কবে নাগাদ এ প্রতিবেদন প্রকাশ করা হবে জানতে চাইলে সচিব বলেন, মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ‘সময়মতো’ প্রকাশ করা হবে।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। চার সদস্যের এই কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলামকে।
তদন্ত সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা গত ১০ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বৌদ্ধ বসতিতে ঘটনায় রোহিঙ্গা ছাড়াও দুই শতাধিক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই রাতের ভিডিওচিত্র ও ছবি দেখে তাদের সনাক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ওই ঘটনায় জড়িত অভিযোগে ইতোমধ্যে আড়াই শতাধিক ব্যক্তিকে প্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24