২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন হারুন

ডেসটিনি ২০০০ লিমিটেডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার শর্তে জামিন দেয়া হয়েছে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার শর্তে মুদ্রা পাচারের দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন এই এমএলএম কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ। হারুনের আবেদনের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। আদেশে বলা হয়, স্বাস্থ্যগত সমস্যা ও সামাজিক অবস্থান বিবেচনায় দুই মাসের জন্য হারুনকে এই জামিন দেওয়া হল। তবে তিনি ডেসটিনির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না। শর্ত লঙ্ঘন করলে জামিন আপনাআপনি বাতিল হয়ে যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়। এই দুই মামলায় গত ১১ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের পর সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সমন্বয়ক হারুনকে কারাগারে পাঠানো হয়। সেদিন তার সঙ্গে কারাগারে যাওয়া ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। হারুনের জামিন আদেশের পর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় তাকে জামিন দিয়েছে। একইসঙ্গে তিনি একজন সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধে তার অবদানও বিবেচনায় নিয়েছে। “আদালত এই জামিনে বেশ কিছু শর্তও দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না, ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য আসামির সঙ্গে ফোনে বা সরাসারি দেখা বা কথা বলতে পারবেন না। ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা কোনো তদবির করতে পারবেন না।” মামলার তদন্তে দুদককে সহায়তা করতেও হারুনকে বলা হয়েছে। হারুনের আইনজীবী আব্দুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, “সাবেক সেনাপ্রধানের জামিনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চক্ষমতা সম্পন্ন বোর্ডের পরীক্ষা-নিরীক্ষা বিবেচনায় নেয়া হয়েছে। বোর্ডের প্রতিবেদনে তার মারাত্মক হার্টের অসুখ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।” রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এই জামিনের দৃষ্টান্ত ব্যবহার করে মামলার অন্য আসামিরা সুবিধা নিতে পারবেন না। ১১ অক্টোবর কারাগারে যাওয়ার পর গত সোমবার নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেন হারুন, মঙ্গল ও বুধবার এর শুনানি হয়। জামিনের বিরোধিতা করে মুরাদ রেজা শুনানিতে বলেন, হারুনের বিরুদ্ধে অভিযোগ খুবই সুনির্দিষ্ট। ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ১৯ কোটি ৮২ লাখ টাকা এসেছে। এর মধ্যে ডেসটিনি প্রেসিডেন্ট ১৩ কোটি ৯২ লাখ টাকা তুলেছেন। তিনি ডেসটিনি গ্রুপে থাকুন আর না থাকুন সেটা বিষয় নয়। বাইরের কারো অ্যাকাউন্টেও যদি এভাবে টাকা পাওয়া যায় তিনি অভিযুক্ত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এমআই/১৮০৯ ঘ.