ঢাকা/কক্সবাজার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় আলোচিত উত্তম বড়–য়ার মা ও মাসীকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বুধবার বিকালে এই আদেশ হলেও রাত পর্যন্ত সে বিষয়ে কিছুই না জানার কথা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে উত্তমের ফেইসবুক পাতায় একটি অবমাননাকর ছবি দেখে রামুতে মিছিল বের হয়। পরে উগ্রপন্থীরা বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা, ভাংচুর, লুটপাট চালায়। আগুনও দেয়া হয় বিভিন্ন স্থানে।
ঘটনার পর থেকে উত্তমের কোনো সন্ধান পাওয়া না গেলে তার মা মাধু বড়ুয়া (৪১) এবং খালা আদি বড়ুয়াকে (২৬) ঘটনার পরদিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডেও নেয়া হয়।
মাধু ও আদি বড়–য়াকে নিয়ে বুধবার জনকণ্ঠে প্রকাশিত ‘অদ্ভুত সেই উটটা যাচ্ছেই না, উত্তমের মা-মাসী রিমান্ডে’ শিরোনামের প্রতিবেদন নজরে এলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ ওই দুই নারীকে মুক্তি দিতে প্রশাসনকে মৌখিক নির্দেশ দেয়।
এই আদেশের পর কী পদক্ষেপ নেয়া হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে তা আদালতকে জানাতেও ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলা হয়। এই সময়ের মধ্যে মুক্তি দেয়া না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানায়।
শুনানিতে আদালত বলে, “উত্তমের মা ও আত্মীয়রা এর সঙ্গে জড়িত- কোনো পক্ষ থেকেই এ ধরনের কোনো অভিযোগ নেই। এই দেশ তো মগের মুল্লুক নয় যে যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যাবে।”
শুনানিতে আদালত ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদারকে এই বিষয়ে খোঁজ-খবর নিতে বলে।
খোঁজ নিয়ে অমিত আদালতকে জানান, কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছে, তাদের জামিনের জন্য দরখাস্ত দেয়া হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে শুনানি হবে।
আদালতের এক প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সন্দেহভাজন হিসেবে উত্তমের মা-মাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
“এফআইআরে তাদের নাম নেই, মানে তাদের বিরুদ্ধে মামলাই নেই, সেখানে রিমান্ড কীসের,” প্রশ্ন করে আদালত।
হাই কোর্টের আদেশের পর কী পদক্ষেপ নেয়া হচ্ছে- রাতে জানতে চাইলে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জসীম উদ্দিন, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এবং কারারক্ষক মোকাম্মেল হোসেন এই তিনজনই জানান, তারা কোনো নির্দেশনা পাননি।
রাত ৯টা ২৪ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করলে কারারক্ষক বলেন, উত্তমের মা ও মাসীকে মুক্তি দেয়ার বিষয়ে কোনো নির্দেশনা তার কাছে আসেনি।
পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর রাত ৯টা ২৮ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই বিষয়ে অবহিত নই।”
রাত ৯টা ৩১ মিনিটে ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে টেলিফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদেশের বিষয় তিনি জানেন না।
রামুতে হামলার পরদিন থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি হাইটুপি গ্রামের বাসিন্দা উত্তমের মা ও মাসীকে পরদিন থানায় নিয়ে যায় পুলিশ।
গত ১ অক্টোবর মাধু ও আদিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ১৫ অক্টোবর দুই বোনকে পুনরায় আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আদালত একদিনের হেফাজত মঞ্জুর করে।
এদিকে, উত্তমের মা ও মাসীর জামিনের প্রক্রিয়া চালাতে আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিনিধি দল বুধবার সকালে কক্সবাজার পৌঁছেছে।
প্রতিনিধি দলের সদস্য মাহাজাŸিন রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ওই জামিন আবেদনের শুনানি হয়নি। বৃহস্পতিবার শুনানির কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/২২৩৯ ঘ.
bdnews24