২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: রিমান্ড শেষে তানভীর, রুদ্র কারাগারে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার তানভীর ও রুদ্রকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার তানভীর ও রুদ্রকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম আলী হোসেন এ আদেশ দেন। এর আগে গত ১০ অক্টোবর তানভীর ও রুদ্রকে আট দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী কিশোর কুমার বসু রায় চৌধুরী এ মামলায় তাদের জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করেন। এ ছাড়া এ মামলায় গত ১৪ অক্টোবর অপর পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেয় আদালত। এ মামলায় রিমান্ডে থাকা এই পাঁচজন হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, কামরুল হাসান এবং মিন্টু পেয়াদা। তারা সবাই মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র নিত্যাই হত্যার ঘটনায় গ্রেপ্তার হন। গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে সনাক্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তাদের মধ্যে ডা. নিতাই হত্যা মামলার আসামি পাঁচজন ছাড়া গ্রেপ্তার রয়েছেন নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক ‘বন্ধু’ তানভীর এবং তাদের বাড়ির পাহারাদার রুদ্র ওরফে পলাশ। আরেক পাহারাদার হুমায়ুন ওরফে এনামুল পলাতক। তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। শুরুতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এই হত্যামামলার তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে র‌্যাব তদন্তের ভার পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯৪১ ঘ.