চুয়াডাঙ্গা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নাশকতার আশঙ্কায় সদর উপজেলার সরোজগঞ্জ অঞ্চলের জামায়াতের সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে সরোজগঞ্জ বাজার ও আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ইউনিয়নের নগর বোয়ালিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন জামায়াতের সরোজগঞ্জ অঞ্চল কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম, দলীয় কর্মী উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত. হাফিজুলের ছেলে মো. মোস্তাকিন (৩৩), নাসির উদ্দিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০) ও জালাল উদ্দিনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০) ও নগরবোয়ালিয়া গ্রামের ফজলুল হক।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, বুধবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। জামায়াতের ওই নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষে সরোজগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
“এ সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্ততার দেখিয়ে দুপুরে আদালতে সোপার্দ করা হয়।”
জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির আনোয়ারুল হক মালিক জানান, মাজহারুল ইসলাম জামিন পেয়েছেন এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১৫ ঘ.
bdnews24