ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলার কার্যক্রমে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।
মামলা বাতিলে গত ১৪ অক্টোবর করা সাজেদা চৌধুরীর আবেদনে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালত একই সঙ্গে মামলা বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। তিন সপ্তাহের মধ্যে সরকার ও দুদকের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে সাজেদা চৌধুরীর পক্ষে ব্যরিস্টার এম আমীর-উল ইসলাম, দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন।
২০০৮ সালের ১০ জুলাই দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোজাহার আলী সরদার রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, সাজেদা চৌধুরী অবৈধভাবে ১৩ লাখ ৭৫ হাজার ২২৩ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। গ্রামে বাড়ি নির্মাণের জন্য তিনি ৯ লাখ টাকা এবং রাজধানীর বনানীতে একটি প্লট কেনার জন্য ৪ লাখ ৭৩ হাজার টাকা খরচ করেছেন। হিসাব বিবরণীতে এই টাকার কোনো তথ্য দেয়া হয়নি। কমিশনের তদন্তে বিষয়টি ধরা পড়েছে।
কমিশন ২০০৭ সালের ১৫ নভেম্বর সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারি তিনি ৫৩ লাখ ৪১ হাজার ৭৬ টাকার সম্পত্তি এবং একশ তোলা ওজনের সোনার গহনার হিসাব কমিশনে জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৫২৩ ঘ.
bdnews24