২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে হত্যার চেষ্টা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরের কাপাসিয়ায় এক তরুণীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

গাজীপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরের কাপাসিয়ায় এক তরুণীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত হনুফা আক্তার স্মৃতিকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্মৃতির স্বজনদের অভিযোগ, স্থানীয় অটোরিকশাচালক আইয়ুব হোসেন (২৪) মঙ্গলবার ঘরে ঢুকে স্মৃতিকে হত্যার চেষ্টা চালায়। জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে আইয়ুবকে ধরা যায়নি। স্মৃতির বাবা জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইয়ুব বেশ কিছু দিন আগে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় সে নানাভাবে তার মেয়েকে উত্ত্যক্ত করেছিল। এজন্য তিন দিন আগে আইয়ুবকে সতর্ক করে দেন বলে জানান তিনি। জামাল বলেন, “এতে ক্ষুব্ধ হয় আইয়ুব। সকালে বাড়িতে লোকজন না থাকার সুযোগে কয়েকজন যুবকসহ ঘরে ঢুকে সে। স্মৃতিকে হত্যার উদ্দেশ্যে মাটিতে শুইয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার সামনের দিকের কিছু অংশ কেটে ফেলে।” স্মৃতির গোঙানির শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে আইয়ুবসহ তার সঙ্গীরা পালিয়ে যায় বলে জানান তিনি। স্মৃতিকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নওগাঁ জেলার বসলাইন গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আইয়ুব গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্মরণীতে তার এক আত্মীয়ের বাসায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/০০২১ ঘ.