২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকের এক স্ত্রীর মাথা ফাটাল অন্য স্ত্রীর সন্তানরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রথম পক্ষের সন্তানেরা তার চতুর্থ ‘স্ত্রী’র মাথা ফাটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রথম পক্ষের সন্তানেরা তার চতুর্থ ‘স্ত্রী’র মাথা ফাটিয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আরবি বিভাগের অধ্যাপক এ টি এম ফখরুদ্দীনের কলা ভবনের কক্ষে তার দুই সন্তান এ কাণ্ড ঘটায় বলে বিভাগের শিক্ষকরা জানায়। ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত ফখরুদ্দীন ও তার চতুর্থ ‘স্ত্রীর’ খোঁজ পাওয়া যায়নি। অধ্যাপক ফখরুদ্দীন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তার চতুর্থ ‘স্ত্রী’ সুমাইয়া জান্নাতী আরবি বিভাগের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আরবি বিভাগের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যাপক ফখরুদ্দীন প্রথম বিয়ে করেন ছাত্রাবস্থায়। ওই ঘরের দুই সন্তান আরিফ ও মনজুর মঙ্গলবার কলা ভবনের ৪০২২ নম্বর কক্ষে তার (ফখরুদ্দীন) সামনেই সুমাইয়াকে টেনে-হিঁচড়ে বের করে আনে।” “পরে কক্ষের বাইরে নিয়ে গিয়ে ইটের আঘাতে সুমাইয়ার মাথা ক্ষতবিক্ষত করে দেয়,” বলেন ওই শিক্ষক। রাতে কলাভবনের চার তলার ওই কক্ষের সামনে গিয়ে ছোপ ছোপ রক্তের চিহ্ন দেখা গেছে। ফখরুদ্দীন প্রথম বিয়ের পর আরো দুটি বিয়ে করেছিলেন বলে জানান তার ওই সহকর্মী। তিনি বলেন, বিভাগের একাডেমিক কমিটিতে সুমাইয়াকে বিয়ের কথা ফখরুদ্দীন অস্বীকার করলেও ওই ছাত্রী নিজেকে শিক্ষকের স্ত্রী হিসেবে পরিচয় দেয়। ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে ফখরুদ্দীন নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০০৫ ঘ.