২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ১২২তম লালন স্মরণোৎসব শুরু

লালন শাহের ১২২তম প্রয়াণ দিবসকে ঘিরে এই আয়োজনে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন হাজার হাজার দর্শনার্থী ও ফকির-বাউল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব। মঙ্গলবার রাত ৮ টায় পাঁচ দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম সুলতানা তরুণ এমপি, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ। ফকির লালন শাহের এই জনশূন্য মাজারটি এখন বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার দর্শনার্থী, ফকির-বাউলের পদচারণায় মুখরিত। লালন শাহের ১২২তম প্রয়াণ দিবসকে ঘিরে এই আয়োজন করা হয়েছে। ১২৯৭ বাংলা সনের ১ কার্তিক, ১৮৯০ খৃষ্টাব্দের ১৭ অক্টোবর বাউল সাধক লালন শাহের প্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রতি বছর ভক্তরা এ উৎসব পালনে এখানে সমবেত হয়ে থাকেন। স্মরণোৎসব পালনে ইতোমধ্যেই আখড়া বাড়ীতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জমজমাট এই উৎসব (লালন মেলা) চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে মুক্ত আলোচনা শেষে গভীর রাত অবধি খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন লারনের গান, যা এ আয়োজনের মূল আকর্ষণ। গাওয়া হবে ‘দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। প্রতি বছরের মতো এবারো ‘সাঁইজির’ প্রতি ভক্তি আর শ্রদ্ধা জানাতে তল্পি-তল্পাসহ মাজার প্রাঙ্গণে এসে আসন পেতে বসেছেন ভক্তরা। আর এই মিলন মেলা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন দেশ-বিদেশের দর্শনার্থীরা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নানা পণ্যের পসরা সাজিয়ে বসা দোকানিরা এখন রাত-দিন মহাব্যস্ত। ক্রেতা-বিক্রেতার মাঝেও যেন চলছে এক প্রচ্ছন্ন প্রতিযোগিতা। স্মরণোৎসবকে কেন্দ্র করে ছেঁউড়িয়ায় লালন মাজারকে পরিস্কার-পরিচ্ছন্ন করে নতুন রং করা হয়েছে মূল মাজার ও এর আঙ্গিনায়। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অনুষ্ঠানস্থলে মোতায়েন রয়েছে র‌্যাব ও সাদা পোষাকে গোয়েন্দা পুলিশ। এবিষয়ে লালন একাডেমীর সভাপতি বনমালী ভৌমিক জানান, সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন একাডেমী’র আয়োজনে মূল মাজারের বাইরে কালী নদীর বিস্তৃত জায়গা জুড়ে এই স্মরণোৎবকে ঘিরে যে ব্যাপক আয়োজন তা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, এবারের উৎসবে আইনশৃংখলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দমূখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৯ ঘ.