ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুস সালাম থানা এলাকায় মঙ্গলবার রাতে এক গহনা ব্যবসায়ীকে গুলি চালিয়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বিশিলে এই ঘটনা ঘটে বলে পুলিশ এবং আহত ব্যবসায়ী ইদ্রিস (৪০) জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইদ্রিস মিম জুয়েলার্সের মালিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান বন্ধ করে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে ৬ নম্বর রোডের বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।
“দোকান থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পরপরই পেছন থেকে বাম পায়ে গুলি করে স্বর্ণালঙ্কার এবং টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারা,” বলেন ইদ্রিস।
দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনার পর পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৫৬ ঘ.
bdnews24