ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচপুর, মেঘনা ও গোমতীর ওপর নতুন সেতু নির্মাণকাজের অর্থায়নে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি- জাইকা আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় মেঘনা গোমতী সেতুর সম্ভ্যবতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) কাজও শেষ হয়েছে বলে মঙ্গলবার কাঁচপুর এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান।
তিনি জানান, কর্ণফুলী টানেলের সম্ভবতা যাচাই শেষ হয়েছে এবং চীনের একটি প্রতিষ্ঠান অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।
আগামী ২১ অক্টোবর থেকে কাঁচপুর সেতুর নিচ দিয়ে নবনির্মিত বিকল্প সড়ক যানচলাচলের জন্য খুলে দেয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ডাইভারশন রোড উম্মুক্ত হলে কাঁচপুর ব্রিজের পূর্বপ্রান্তের (চট্টগ্রাম থেকে আসা যানবাহন) যানজট এড়িয়ে ঢাকা-সিলেট সড়কে সরাসরি প্রবেশ করতে পারবে। এতে কাঁচপুর ব্রিজে যে যানজট হতো তা কমে আসবে।”
প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দেড় কিলোমিটার দীর্ঘ এই বিকল্প সড়কের কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
যোগাযোগমন্ত্রী বলেন, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পগুলোর কাজ এ সরকারের মেয়াদকালে শুরু করতে চায় সরকার।
মন্ত্রী দাবি করেন, যোগাযোগ মন্ত্রণালয়ের কাজে দুর্নীতি ও ফাঁকিবাজি থাকলেও তা ৬০ শতাংশে কমে এসেছে।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামসহ মন্ত্রনালয়ের উধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এসইউ/১৫৪৪ ঘ.
bdnews24