ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে ১৪টি বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ২৪ অক্টোবর থেকে এ ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ২৪ অক্টোবর থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত এ বিশেষ ট্রেন চলাচল করবে।
গত ঈদের মতো এবারও আসনের ২৫ শতাংশ বাড়তি (স্টান্ডিং) টিকেট দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
যাত্রী সেবার মান বাড়াতে ১০০টি স্টেশন চিহ্নিত করে কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে রেলওয়ের দৃশ্যমান পরিবর্তন চোখে পড়বে।”
মন্ত্রী কমলাপুর রেলস্টেশন পরির্দশন করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
এ সময় রেল সচিব মোহাম্মদ মহবুব উর রহমান, রেল মহাপরিচালক আবু তাহেরসহ রেলের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪৪০ ঘ.
bdnews24