২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধর: কারণ দর্শানোর নোটিশ জাবির চার ছাত্রকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টর অফিসের প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে চার ছাত্রকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র সাইফুর রহমান শিশির, অর্থনীতি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র সাইফুল ইসলাম সাগর, ইতিহাস বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র সালাউদ্দিন পারভেজ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র সৌরভ ইসলাম। নোটিশপ্রাপ্ত চারজনকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এইচ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী আহমেদ ফয়সাল মোরসালিনকে তার বেশভূষা ও চুলের ছাট নিয়ে বিদ্রুপ করে। এক পর্যায়ে তার সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে একজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে গিয়ে ছাত্রটিকে নিয়ে আসার চেষ্টা করেন। সেসময়ও দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সময় ভর্তিচ্ছু ছাত্রকে অভিযুক্ত শিক্ষার্থীরা মারধর করে। এ ঘটনায় ভর্তিচ্ছু আহত ছাত্রকে গণস্বাস্থ্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৩৫৪ ঘ.