লাবলু আনসার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নিউইয়র্ক, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৪১ বছরের মধ্যে দেশ কখনো এমন সংকটে পতিত হয়নি। বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় অস্তিত্ব আজ চরম সংকটের মুখে।
বাংলাদেশ সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের বস্টনে দলীয় নেতা-কর্মীদের এক সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপির এই মুখপাত্র আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে গণতন্ত্র ও স্বাধিকারের জন্য আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি দাবি করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল দেশের মানুষের সব আশা-আকাঙ্খা বিনষ্ট করে এবং তাদের দুঃশাসনের কারণে ওই সময়েই দেশ চরম দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়।
এর আগে শনিবার বস্টনে এক সেমিনারে মির্জা ফখরুল মন্তব্য করেন যে, বিদেশে রাজনৈতিক দলগুলোর শাখা রাখা আইন সমর্থন করে না বলে এই ধরনের শাখা ‘হালাল’ নয়।
তার এই মন্তব্যে স্পষ্টত হতাশ হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
ফখরুল এই মন্তব্য করলেও যুক্তরাষ্ট্রে বিএনপির নামে কার্যক্রম চলছে এবং বিরোধের কারণে বিভক্তিও রয়েছে।
মৌলবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে, গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নেই- আওয়ামী লীগের এ দাবি নাকচ করে মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যা তথাকথিত সমাজতন্ত্রের ধারা থেকে বেরিয়ে এসে মুক্তবাজার অর্থনীতি এবং ব্যক্তি উদ্যোগকে অনুপ্রাণীত করেছিল।
“জিয়াউর রহমান আমাদেরকে একটি আলাদা আইডেন্টিটি দিয়েছেন।”
ফখরুল দাবি করেন, বিগত সরকারের আমলেই খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি, শিক্ষার বিনিময়ে খাদ্য, অবৈতনিক শিক্ষা, কলকারখানায় উৎপাদন, অর্থনেতিক প্রবৃদ্ধি অনেক দূর এগিয়েছিল। বর্তমান সরকারের ‘অপশাসনে’ সে অবস্থা থেকে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে পড়েছে।
বস্টনের মেডফোর্ড ম্যাকগায়লিন এলিমেন্টারি স্কুলে নিউইংল্যান্ড বিএনপির এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী নুরুজ্জামান।
সভা পরিচালনা করেন সহসভাপতি সৈয়দ বদরে আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শাকীল ওয়াহিদ, সাবেক এমপি হাসনা মওদুদ এবং সোহরাব খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৪ ঘ.
bdnews24