ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সারা দেশে জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের কোরবানির ঈদের তারিখ ঘোষণা করবে। সে অনুযায়ী ১০ জিলহজ ঈদুল আজহা পালন করবে বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।
বাংলাদেশে ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ নামেই পরিচিত। এই ঈদে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরকার কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর সন্ধা ৬টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।
কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন। ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন করে এবং ৯৫৬৩৩৯৭ নম্বরে ফাক্স করে অথবা অন্য কোনো উপায়ে জানাতে সবার প্রতি অনুরোধ জারিয়েছে চাঁদ দেখা কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৯৫৫ ঘ.
bdnews24