২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথিপত্র চেয়েছে বিশ্ব ব্যাংক তদন্ত দল

পদ্মা সেতুর তদন্ত পর্যবেক্ষণে আসা এই দলটি কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে কিছু নথিপত্র চেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে আসা বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের কাছে কিছু নথিপত্র চেয়েছে। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সোমবার দ্বিতীয় দফা বৈঠকে এই নথিপত্র চাওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদক কমিশনার মুহাম্মদ সাহাবউদ্দিন। তিনি বলেন, “তারা কিছু চাওয়ার কথা জানিয়েছে, আমরা পেপারগুলো তাদের দেব।” লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন এই দলের সঙ্গে বৈঠকে কমিশন চেয়ারম্যান গোলাম রহমান এবং ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনও ছিলেন। বৈঠকটি রূপসী বাংলা হোটেলে হওয়ার কথা ছিল। সন্ধ্যার পর সাংবাদিকরা সেখানেই জড়ো হয়েছিলেন। তবে সাড়ে ৭টার কিছু আগে জানানো হয়, বৈঠকটি সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হচ্ছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে প্রতিনিধি দলের সাথে পুনরায় আলোচনা হতে পারে বলে জানান সাহাবউদ্দিন। তবে কবে বিশ্ব ব্যাংক এ সংক্রান্ত প্রতিবেদন দেবে বা দুদকের কাছে কোনো তালিকা হস্তান্তর করা হবে কি না- সে বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা এখনো কিছু জানায়নি বলে জানান তিনি। “এ বিষয়ে তাদের কিছু প্রস্তাব রয়েছে, আমাদেরও আছে। এ সংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে পরস্পর পরস্পরকে সহযোগিতা করা হবে।” দুদক আইনজীবী আনিসুল হক জানান, প্রতিনিধি দলটি ইতোমধ্যে দুদকের দেয়া তথ্য পর্যালোচনা শুরু করেছে; যাদের প্রতিবেদনের ওপর ২৯১ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নির্ভর করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক দলের সদস্যরা রোববার ঢাকায় আসার পরপরই দুদকের সঙ্গে এক দফা বৈঠক করেছিলেন। পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্ব ব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলে প্রকল্পটি ঝুলে যায়। চুক্তি বাতিলের পর অবশ্য শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশারররফ হোসেন ভূঁইয়াকে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। তবে একইসঙ্গে প্রকল্পের দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণে এই প্যানেল গঠনের ঘোষণা দেয় বহুজাতিক ঋণদাতা সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসডব্লিউ/এএইচএ/এমআই/২২০৮ ঘ.