২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে তিনটি দেশীয় এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তিনটি দেশীয় এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. খায়রুল আলম (৪৫) ও আবদুল হক ওরফে দুলা মিয়া (৪৩) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নতুনবাজার এলাকার বাসিন্দা। রোববার সন্ধ্যায় নগরীর চন্দনপুরা এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, এই দুজনই অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত। সোমবার নগর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হলে খায়রুল জানান, ১২ বছর দুবাই থাকার পর সাড়ে পাঁচ বছর আগে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে নগরীর চকবাজার এলাকায় আল-ওয়াকিয়া নামে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। আবদুল হক মহেশখালীতে চাষাবাদের কাজ করেন উল্লেখ করে জানান, খায়রুলের নির্দেশে তিনি এলজি তিনটি নিয়ে রোববার দুপুরে মহেশখালী থেকে চট্টগ্রাম আসেন। মহেশখালীতে তৈরি অস্ত্রগুলো ‘ভুতাইয়া’ নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়ে বিক্রির জন্য চট্টগ্রামে আনা হয় বলে জানান আবদুল হক। অস্ত্রগুলো প্রতিটি চার হাজার টাকা করে কিনে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয় বলে তারা জানান। সাহেদ নামে এক যুবক তাকে অস্ত্রগুলো কেনার জন্য অর্ডার দেয় বলে জানান খায়রুল। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. শাহরিয়ার বলেন, নগরীর চন্দনপুরা ফায়ার স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় খায়রুলের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি ও আবদুল হকের কাছে থাকা ব্যাগ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/১৯৪৮ ঘ.