টাঙ্গাইল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা আমিনবাজারে ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনায় নিহত সোনিয়া আক্তার (১৭) শহরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।
তিনি করটিয়া ইউনিয়নের নগরজলফই গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে সোনিয়া আক্তারসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুর আড়াইটার দিকে সোনিয়ার মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯১০ ঘ.
bdnews24