ফেনী, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই থেকে এক ডাকাতের কঙ্কাল উদ্ধার করেছে ফেনী পুলিশ।
সোমবার মিরসরাইয়ের নয়টিলা পাহাড় এলাকা থেকে সামছু ডাকাতের (সামছুল হক) কঙ্কাল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিকালে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবুল কালাম আজাদকে নিয়ে সকালে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, হত্যা, ডাকাতিসহ এক ডজন মামলার আসামি আবুল কালাম আজাদকে পুলিশ শনিবার রাতে খাগড়াছড়ির রামগড় উপজেলার মাষ্টার পাড়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
পরদিন (রোববার) তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করলে তিন দিন মঞ্জুর করা হয়।
তার স্বীকারোক্তিমতে ওই স্থানে অভিযান চালিয়ে ৪/৫ ফুট মাটির নীচ থেকে ডাকাত সামছুল হকের কঙ্কাল উদ্ধার করা হয়।
সামছুল হকের বাড়ি ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ডুমুরুয়া গ্রামে।
গ্রেপ্তার আবুল কালাম আজাদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত ৩ মে সামছুকে হত্যা করে আজাদ সেখানে মাটিচাপা দিয়েছে বলে পুলিশকে জানায়।
এ ব্যাপারে সামছুর স্ত্রী লায়লা আক্তার বাদী হয়ে গত ৫ মে ফেনী থানায় একটি মামলা দায়ের করেন বলেও তিনি জানান।
ফেনী থানার ওসি মো. মাইনুল আবছার বলেন, পুলিশের মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ শতাধিক গাড়ি চুরি এবং মহাসড়কে কাভার্ড ভ্যান লুটসহ আজাদের বিরুদ্ধে এক ডজন মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24