কুড়িগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি জটিলতায় পড়ে নির্দিষ্ট সাজার মেয়াদ শেষ হওয়ার পরও চার বাংলাদেশিকে প্রায় তিনবছর ভারতে কারাভোগ করতে হয়েছে।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারীর নতুনবন্দর সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
ফিরে আসারা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রোস্তমনগর গ্রামের আলম মিয়া (২৩), ইসলাম হোসেন (২৩), আলা উদ্দিন (৪০) ও মোহাম্মদ আলী (৩২)।
রৌমারী থানার ওসি মোখলেছুর রহমান জানান, ফেরত আসা চারজনকে থানায় রাখা হয়েছে। বিষয়টি পার্বতীপুর থানাকে জানানো হয়েছে। স্বজনরা এলে সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের হস্তান্তর করা হবে।
বিজিবির রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলী বলেন, ২০০৮ সালের ১০ জুলাই কাজের সন্ধানে এই চারজন হিলি সীমান্ত দিয়ে ভারত যান। সেখানে ফেরিওয়ালার কাজ শুরু করেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর আসামের বঙ্গ এলাকায় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। বিচারে চার মাসের কারাদণ্ড হলে তাদের ধুবরী কারাগারে পাঠানো হয়।
“সাজার মেয়াদ শেষে দেশে ফেরত পাঠানো নিয়ে আইনি জটিলতার কারণে তাদের প্রায় তিনবছর কারাগারে কাটাতে হয়,” বলেন সুবেদার জমশেদ আলী।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবির রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলীসহ পাঁচজন এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১৬২ ব্যাটালিয়নের শাহাপাড়া ক্যাম্পের ইনচার্জ এনটি আফরিতিসহ সাতজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬১১ ঘ.
bdnews24