২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তদন্ত সুষ্ঠু না হলে আন্তর্জাতিক চাপ বাড়বে’

বৌদ্ধবসতিতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের গুরুত্ব বোঝাতে এ কথা বলেছেন বিএনপির এই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত না হলে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। সোমবার সকালে এক মানববন্ধনে রফিকুল বলেন, “রামুর বৌদ্ধ বিহারের ঘটনা যারা ঘটিয়েছে তারা মানবতা ও সভ্যতার শক্র। বিএনপি ইতোমধ্যে এ দাবি জানিয়েছে যে, ওই ঘটনার নিরপেক্ষ তদন্তে একজন জ্যেষ্ঠ সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে।” “আমরা মনে করি রামুর ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।” কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে বিএনপিপন্থী সংগঠন প্রজন্ম একাডেমি। তদন্ত শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, “যেখানে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির তদন্ত চলাকালেই প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য তদন্তে সরাসরি প্রভাব বিস্তারের শামিল।” “এভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এ রকম বক্তব্য দিলে তদন্ত করে কি হবে?” ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ পল্লীতে হামলা হয়। রাতভর হামলায় সাতটি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ এবং শতাধিক বাড়ি ও দোকানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। নিজস্ব একটি দল গঠন করে ইতোমধ্যে ওই ঘটনার তদন্ত করেছে বিএনপি। ওই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পরোক্ষ মদদেই হামলার ঘটনা ঘটেছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির কথাও মানব বন্ধনে তুলে ধরেন রফিকুল ইসলাম মিয়া। ওয়ান-ইলেভেনের মতো আবারো অনির্বাচিতদের ক্ষমতায় আনার ‘ষড়যন্ত্র’ শুরু হয়েছে- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “আমি বলব, ষড়যন্ত্র হয়ে থাকলে তা বের করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। আমরা মনে করি, প্রধানমন্ত্রী যদি দেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে চান, তাহলে অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।” তা না হলে দেশে সাংবিধানিক ধারা ও গণতন্ত্র রক্ষা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। গত শনিবার গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যারা তত্ত্বাবধায়ক সরকারকে এ প্লাস সার্টিফিকেট দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে বলে ফতোয়া দিয়েছিলেন, যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী- তারাই আবার খেলা শুরু করেছে।” ৯৭ শতাংশ সাংসদ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে- তার প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রফিকুল বলেন, “এ থেকে বোঝা যায়, দেশ সঙ্কটের মুখে। হলমার্ক কেলেঙ্কারি, পদ্মাসেতুর দুর্নীতি- সব মিলে দেশে চরম সঙ্কট বিরাজ করছে।” এ থেকে উত্তরণে একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক একাডেমীর সভাপতি এম এম মেহবুর রহমান মানববন্ধনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৪৪০ ঘ.