২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে শপথ নিলেন চার বিচারপতি

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন স্থায়ী নিয়োগ পাওয়া চার বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন স্থায়ী নিয়োগ পাওয়া চার বিচারপতি। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স-৩ ভবনের মিলনায়তনে তাদের শপথ বাক্য পড়ান। এই চার বিচারক হলেন- বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চার বিচারপতি ২০১০ সালের ৪ নভেম্বর হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুসারে রোববার তাদের স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ৯৮ অনুচ্ছেদে বলা হয়েছে, “রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলিয়া প্রতীয়মান হইলে তিনি যথাযথ যোগ্যতাসম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারিবেন।” সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বর্তমানে ৯৮ জন বিচারপতি রয়েছেন। চারজন স্থায়ী নিয়োগ পাওয়ায় বর্তমানে অস্থায়ী বিচারপতির সংখ্যা কমে ২০ জনে দাঁড়াল। এছাড়া আপিল বিভাগে মোট বিচারপতি রয়েছেন ৭ জন। হাই কোর্টের অতিরিক্ত বিচারকদের মধ্যে ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী, মো. আশরাফুল কামালের মেয়াদ আগামী ১২ ডিসেম্বর দুই বছর পূর্ণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১৫৫ ঘ.