বগুড়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির ঘটনায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে জড়িয়ে বক্তব্য প্রচার করায় চালক আজম ও আরটিভির দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা নেয়নি বগুড়ার আদালত।
রোববার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম বেগম সাবিনা ইয়াছমিনের আদালতে এক হাজার কোটি টাকার মানহানির এ মামলাটি করেন বগুড়া আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মুখার্জী।
শুনানি শেষে তিনি মামলাটি খারিজ করে দেন।
মামলায় আসামিরা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব ওমর ফারুকের গাড়ি চালক আজম খান, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন ও প্রতিবেদক বায়েজিদ আহমেদ।
মামলার বাদী অ্যাডভোকেট নরেশ মুখার্জী বলেন, আদালতে মামলাটি দাখিল করার পর শুনানি শেষে বিচারক তা খারিজ করে দেন।
মামলার অভিযোগে বলা হয়, আরটিভির প্রধান বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন ও প্রতিবেদক বায়েজিদ আহম্মেদ চালক আজমকে হেফাজতে রেখে সাক্ষাৎকার নেন। এতে এপিএস ফারুকের গাড়িতে পাওয়া বিপুল পরিমাণ অর্থ সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল বলে বলা হয়।
আরো বলা হয়, মুক্তিযোদ্ধা, সংবিধান প্রণেতা, সংসদ সদস্য ও আইনজীবী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মিথ্যা ও কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করে রাজনৈতিক সুনাম ও চরিত্র হনন করার অপচেষ্টা করা হয়েছে।
ওই প্রতিবেদনে সুরঞ্জিত সেনগুপ্ত ও তার পরিবারের এক হাজার কোটি টাকার সম্মানহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫০ ঘ.
bdnews24